|
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি
মোঃ ফয়জুল আলম সুজন
|
|
বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন উন্নত চিকিৎসার জন্য আজ সোমবার (১৬ অক্টোবর) সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। রাষ্ট্রপতি ও তার স্ত্রী ড. রেবেকা সুলতানা এবং অন্যান্য সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি-৫৮৪) সকাল ৮টা ৫০ মিনিটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, পররাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি, বাংলাদেশে সিঙ্গাপুরের কনসাল শিলা পিল্লাইসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ১৫ দিনের সফরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন। তিনি আগামী ৩০ অক্টোবর দেশে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। |
