|
৬ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার
সাইদুল ইসলাম ইমু
|
|
নিউজ ডেস্ক: সারা দেশের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে শূন্য থাকা পদ পূরণের জন্য আরো ছয় হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার। ইতিমধ্যে প্রথম পর্যায়ে দুই হাজার ডাক্তার নিয়োগের প্রস্তাব স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বাস্থ্য সেবা বিভাগে পাঠানো হয়েছে। রোববার (০৯ জুন) জাতীয় সংসদে তিন সংসদ সদস্যদের দেওয়া নোটিশের জবাবে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এর আগে সরকার দলীয় সংসদ সুলতানা নাদিরা, সংরক্ষিত সংসদ সদস্য পারভীন জামান ও স্বতন্ত্র সংসদ সদস্য ছানোয়ার হোসেন ছানু লিখিত নোটিশে নিজ নিজ নির্বাচনী এলাকার স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল নিয়োগ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বরাবর নোটিশ দেন।
নোটিশের লিখিত জবাবে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেন, সারা দেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ডাক্তারদের শূন্য পদ পূরণের জন্য ছয় হাজার নতুন ডাক্তার (এমবিবিএস ও ডেন্টাল) নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। সে জন্য প্রথম পর্যায়ে দুই হাজার ডাক্তার নিয়োগের জন্য একটি প্রস্তাব স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। |
