|
শিনজো আবের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক
এস এম আওলাদ হোসেন
|
|
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে শনিবার (৯ জুলাই) বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শিনজো আবেকে ‘বাংলাদেশের অকৃত্রিম বন্ধু’ আখ্যা দিয়ে শনিবার এই শোক পালন করা হবে। অর্ধনমিত রাখা হবে জাতীয় পতাকা। শুক্রবার (৮ই জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ রাতে প্রজ্ঞাপন জারি করে এই শোক ঘোষণা করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. সামসুল আরেফিনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, শনিবার বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের বিদেহী আত্মার শান্তি কামনায় এ দিন বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। |
