|
তেজগাঁওয়ের বস্তিতে অগ্নিকাণ্ড
মো: ফয়জুল আলম
|
|
নিউজ ডেস্কঃ রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাশের মোল্লাবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক পরিবারের মা ও ছেলে নিহত হয়েছে বলে সর্বশেষ খবরে জানা গেছে। শুক্রবার (১৩ জানুয়ারি) রাত তিনটার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) এরশাদ হোসেন জানান, রাত আড়াইটার দিকে এফডিসির পাশের মোল্লাবাড়ি বস্তিতে আগুন লাগার খবর জানতে পারে ফায়ার সার্ভিস। খবর পেয়ে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট সেখানে পৌঁছে। পরে আরও পাঁচটি ইউনিট সেখানে পৌঁছে। রাত চারটার দিকে এই কর্মকর্তা জানান, ১৩ ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পৌনে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনতে আরও কিছু সময় লাগবে বলে জানান তিনি। সে সময় তিনি হতাহতের ব্যাপারে কোনো কিছু জানাতে পারেননি।
স্থানীয়রা জানান, এফডিসির পাশের এই টিনের বস্তিতে ছিল কারওয়ান বাজারের মাছ ও সবজি বিক্রেতাদের বসবাস। রাত আড়াইটার দিকে সেখানে আগুন লাগে। আগুনে বস্তির প্রায় তিনশ ঘর পুড়ে গেছে। তবে পরে পুলিশ জানিয়েছে, মোল্লাবাড়ি বস্তির অগ্নিকাণ্ডে একজন এক নারী ও তার ছেলে নিহত হয়েছে। মধ্যরাতে লাগা এই আগুনে ঘুমন্ত অবস্থায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই নারীর নাম শারমিন বলে জানা গেলেও ছেলের নাম জানা যায়নি। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও দুইজন দগ্ধ হয়েছে, তাদেরকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। |
