|
দেশে ব্রেইন টিউমারে বছরে আক্রান্ত ২০ হাজার
সাইদুল ইসলাম ইমু
|
|
নিউজ ডেস্ক: দেশে প্রতিবছর ২০ হাজার মানুষ ব্রেন টিউমারে আক্রান্ত হয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এর বিপরীতে বাংলাদেশে প্রতি বছর তিন হাজার ব্রেইন টিউমার সার্জারি হচ্ছে বলে জানান তারা।রোববার (৯ জুন) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিশ্ব ব্রেন টিউমার দিবস উপলক্ষে বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনস আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে বিশেষজ্ঞরা এ তথ্য জানান।
সেমিনারে বৈজ্ঞানিক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. আতিকুর রহমান, সহকারী অধ্যাপক ডা. কেএম আতিকুল ইসলাম ও সহকারী অধ্যাপক ডা. সুমন রানা ব্রেন টিউমারের ওপর পৃথক তিনটি পেপার প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সেমিনারে জানানো হয়, উন্নত বিশ্বে প্রতি এক লাখ মানুষের মাঝে ১৫ জন ব্রেন টিউমারে আক্রান্ত হয়। তবে তৃতীয় বিশ্বের প্রতি এক লাখ মানুষের মাঝে চারজন এই রোগে আক্রান্ত হয়। বিভিন্ন ধরণের রেডিয়েশনসহ বিভিন্ন কারণে ব্রেন টিউমার হতে পারে। বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মের নিউরো সার্জনরাই সারাবিশ্বে বাংলাদেশের নেতৃত্বে দেবে। একইসঙ্গে তরুণ নিউরো সার্জনরা অনেক দক্ষ ও আধুনিক প্রযুক্তিনির্ভর চিকিৎসা দিতে পারদর্শী। আধুনিক ও প্রযুক্তি নির্ভর ব্রেন টিউমার অপারেশনে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে চলছে। বাংলাদেশে বছরে প্রায় ২০ হাজার মানুষ ব্রেন টিউমারে আক্রান্ত হয়। বাংলাদেশে প্রতি বছর তিন হাজার ব্রেইন টিউমার সার্জারি হচ্ছে। নিউরোসার্জিক্যাল সেন্টারগুলোকে আধুনিক যন্ত্রপাতি সুসজ্জিত করলে এবং দেশের সব জেলা হাসপাতালে নিউরোসার্জারি চালু করলে দেশের প্রান্তিক জনগোষ্ঠী ব্রেন টিউমার, হেড ইনজুরি প্রভৃতি বিষয়ে চিকিৎসার সুযোগ পাবে। সময়মতো ব্রেন টিউমার অপারেশন করলে ব্রেন টিউমার ভালো হয় এবং মৃত্যুঝুঁকি ও পঙ্গুত্ব কমে যায়। প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. দ্বীন মো. নূরুল হক বলেন, বাংলাদেশে নিউরো সার্জারির অনেক উন্নতি হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় নিউরো সার্জারির উন্নয়নে কাজ করছে। সরকারি হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি দিলে দেশের বিশ্বমানের নিউরো সার্জারি সেবা দেওয়া যাবে বলে আশা করি। সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স নিনস হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে। দেশের ২০টি বিভিন্ন সরকারি হাসপাতালে নিউরোসার্জারি চালু আছে। নিউরো সার্জারিতে দক্ষ জনশক্তি তৈরিতে বিএসএমএমইউ, ঢাকা মেডিকেল কলেজ, নিনস, চট্টগ্রাম মেডিকেল কলেজ, কম্বাইন্ড মেডিকেল হসপিটাল, রংপুর মেডিকেল কলেজে এমএস নিউরোসার্জারি কোর্স চালু করা হয়েছে। আশা করি ২০৩২ সালে সকল জেলা হাসপাতালে নিউরোসার্জারি বিভাগে সেবা চালু হবে। এতে প্রান্তিক জনগোষ্ঠী নিউরোসার্জারির সেবা পাবেন। এর আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণসচেতনতামূলক শোভাযাত্রা হয়। এতে বিএসএমএমইউ উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসকরা অংশ নেন। |
