|
লক্ষ্মীপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে আহত ১৫
এস এম আওলাদ হোসেন
|
|
লক্ষ্মীপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে আহত ১৫
লক্ষ্মীপুরে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের বটতলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে জামায়াতের কয়েকজন নেতাকর্মী হলেন— ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি আব্দুর রহমান, ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মা. হেজবুল্লাহ সোহেল, ইউনিয়ন যুব বিভাগের সহ-সভাপতি সাকিব হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা এমরান হোসেন এবং ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শাহাদাত হোসেন খোকন।
এছাড়া বিএনপি নেতা মো. আব্দুল, মো. কামাল হোসেন, রাসেল ভূঁইয়াসহ উভয় পক্ষের আরও কয়েকজন আহত হয়েছেন।
জামায়াত নেতা মা. হেজবুল্লাহ সোহেল অভিযোগ করে বলেন, “আমাদের পূর্বঘোষিত একটি সভা চলছিল, যেখানে নারীরাও অংশ নেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা এসে হামলা চালায়। এতে আমাদের ১০ থেকে ১২ জন নেতাকর্মী আহত হন।”
অন্যদিকে বিএনপি নেতা সাইফুজ্জামান শরীফ বলেন, “চরশাহী ইউনিয়নে আমাদের একটি কর্মসূচি ছিল। সেখানে এসে কয়েকজন অভিযোগ করেন, নারীদের কাছ থেকে ভোটার আইডি ও ২০ টাকা নিয়ে টিসিবির পণ্য দেওয়ার কথা বলা হচ্ছে। বিষয়টি জানতে গেলে জামায়াতের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের অন্তত চারজন আহত হন।”
এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম বলেন, তিনি এখনো ঘটনাটির বিস্তারিত জানতে পারেননি।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
এস এম আওলাদ হোসেন।
জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর।।
01637654471
|
