|
বাউল সংঘের সাংস্কৃতিক পরিবেশনায় পরিপূর্ণ কলাপাড়া হেলিপোর্ট মাঠ।
মোয়াজ্জেম হোসেন
|
|
কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় রাস পূর্ণিমা উপলক্ষে জমকালো আয়োজনে দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসাহ উদ্দিপনায় মেতেছিল দর্শকরা। কলাপাড়া উপজেলা প্রশাসন ও কলাপাড়া পৌরসভার আয়োজনে বাউল সংঘের পরিবেশনায় ২৪ ও ২৫ নভেম্বর ( মঙ্গলবার) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত হেলিপোর্ট মাঠে এ অনুষ্ঠান চলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ বি এম মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু সহ স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে কলাপাড়া বাউল সংঘের সদস্যদের পাশাপাশি স্থানীয় নবীন-প্রবীণ ও দূরদূরান্ত থেকে আসা শিল্পীরা নাচ, গান ও আবৃত্তিসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপহার দেন।
এ আয়োজনকে ঘিরে হেলিপোর্ট মাঠের চারপাশে বসে বিভিন্ন ধরনের খেলনা ও খাবারের দোকান। সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাস পূর্ণিমার উৎসবকে কেন্দ্র করে পুরো মাঠ পরিণত হয় দর্শক-দর্শনার্থীদের এক মিলনমেলায়।
কলাপাড়া বাউল সংঘের সাধারণ সম্পাদক শামিম ব্যাপারী জানান, সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমার আনন্দকে বাড়িয়ে দিতে আমাদের এ আয়োজন। এ আয়োজনে উপজেলা প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা আমরা পেয়েছি।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান বলেন, কলাপাড়া উপজেলার মানুষ সাংস্কৃতিক মনা। মাঝেমধ্যে এ ধরনের অনুষ্ঠান যাতে আয়োজন করা সম্ভব হয়, সে লক্ষ্যে আমরা চেষ্টা করে যাচ্ছি।
প্রধান অতিথি এবিএম মোশাররফ হোসেন এমপি বলেন, মনকে রিফ্রেশ করতে এ ধরনের অনুষ্ঠান প্রয়োজন। ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন তিনি। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে সব ধরনের সহযোগিতার কথা জানান তিনি।
###
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া, পটুয়াখালী।
|
